উত্তরদিনাজপুর

গৃহবধুকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে

গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উকিলপাড়ার ইন্দ্রা কলোনিতে। মৃত ওই গৃহবধুর নাম মৌসুমি শীট(৩২)। মৃতার পরিবারের লোকেদের অভিযোগ, বিয়ে পরে চাহিদা মতন পণ না পাওয়ায় তাদের মেয়েকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকেরা। স্বামী কৃষ্ণপদ শীট, শ্বশুর ও শ্বাশুড়ির নামে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ার করেছে মৃতার পরিবার। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

 

            মৃতার ভাই কিরণ কর্মকারের অভিযোগ, ১৪ বছর আগে রায়গঞ্জের উকিলপাড়ার ইন্দ্রা কলোনির বাসিন্দা পেশায় লাইন হোটেল ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র শীটের সাথে বিয়ে হয়েছিল বোন মৌসুমির। বিয়ের পর থেকেই পণের দাবিতে মাঝে মধ্যেই বচসা হত স্বামী ও স্ত্রীর মধ্যে। প্রায় রোজ রাতেই মদ্যপ অবস্থায় মৌসুমীকে মারধরও করত বলে অভিযোগ করেছেন কিরণ বাবু। তাঁর আরও অভিযোগ, বোনকে মারধর করে শ্বাসরোধ করে খুন করে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় তার স্বামী। আজ সকালে ঝুলন্ত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। এবং মৃতদেহ  উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। গৃহবধূর ভাই কিরণ কর্মকার তার দিদির মৃত্যুর খবর পেয়ে রায়গঞ্জ হাসপাতালে এসে দেখেন মৌসুমীর শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আর এই কারণেই রায়গঞ্জ থানায় শশুরবাড়ির আত্মীয়দের বিরুদ্ধে বোনকে খুন করার অভিযোগ দায়ের করেছেন বলে জানান কিরণ বাবু। স্বামী কৃষ্ণপদ শীট, সহ পরিবারের লোকেরা পলাতক। তদন্তে পুলিশ।